প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় বিমানবন্দর থেকে প্রবাসীদের মরদেহ নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়।
প্রতিমন্ত্রী জানান, এরইমধ্যে বোর্ডের তিনটি গাড়ি রয়েছে এবং নতুন দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় মরদেহ দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছানোর পর পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়।
প্রবাসীদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম জোরদার করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
