বৈধভাবে রোমানিয়ায় যাওয়ার পর বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা এখন বৈধতার সুযোগ পাচ্ছেন।
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঘোষণায় বলা হয়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২ (অফিসিয়াল গেজেট নং–৩৩৫-এ প্রকাশিত) অনুযায়ী রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ–৫২ অনুসারে নন-ইইউভুক্ত দেশ থেকে আসা যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় পড়েছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ রাখা হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।এর ফলে অবৈধভাবে অবস্থান করা অনেক বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।
বিশেষ করে, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশের পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এ সুবিধা নিতে পারবেন। যেমন, কেউ ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় গিয়ে সংশ্লিষ্ট কোম্পানি যদি তাকে নিয়োগ না দেয় এবং ৯০ দিনের মধ্যে নতুন কোনো নিয়োগকর্তা খুঁজে না পান, তাহলে তিনি স্বাভাবিকভাবেই অবৈধ অবস্থায় পড়ে যান।
এছাড়াও এমন বহু ঘটনা রয়েছে, যেখানে নিয়োগকর্তা কর্মীর বেতন থেকে কর কেটে রাখলেও তা সরকারি কোষাগারে জমা দেন না, কিংবা সময়মতো বা সঠিকভাবে টিআরসি আবেদন সম্পন্ন করেন না। এর ফলেও অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ অবস্থায় পড়ে যান।
এই প্রেক্ষাপটে বৈধভাবে প্রবেশ করে পরবর্তীতে অবৈধ হয়ে পড়া কর্মীরা রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। ইতোমধ্যে নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে অবৈধ হয়ে যাওয়া ব্যক্তিদের ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে এ ক্ষেত্রে কর্মীদের অবশ্যই নতুন ও বৈধ কোনো নিয়োগকর্তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।
যেহেতু এই ব্যবস্থা নতুন, তাই শুরুর দিকে কিছু জটিলতা দেখা দিতে পারে। এ কারণে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে উল্লেখ্য, যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন, কিংবা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এ সুবিধার আওতায় পড়বেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষই গ্রহণ করবে।
এই সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে দূতাবাস।
travel based first digital media অবৈধ বাংলাদেশি ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া রোমানিয়া