আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে চালু হওয়ায় সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস। ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমিরেটস জানায়, ৫ ও ৬ মার্চ দুবাই থেকে ১০০টিরও বেশি ফ্লাইট ছেড়ে যাবে এবং একই সময়ের মধ্যে সেগুলো আবার দুবাইয়ে ফিরে আসবে। এসব ফ্লাইটে যাত্রী পরিবহনের পাশাপাশি পচনশীল পণ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি কার্গো পরিবহন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আকাশসীমার প্রাপ্যতা ও প্রয়োজনীয় অপারেশনাল পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে ফ্লাইট সূচি স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়ায় যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে যাদের টিকেট বুকিং রয়েছে শুধুমাত্র তাদেরই বিমানবন্দরে আসতে অনুরোধ জানিয়েছে এমিরেটস। পাশাপাশি সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের সংস্থাটির ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
