জেট ফুয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বৃদ্ধির প্রভাবে দেশের অভ্যন্তরীণ বিমান রুটগুলোতে টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে বিমানে যাতায়াত করতে যাত্রীদের প্রতি টিকিটে অতিরিক্ত এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
গত মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করে। জ্বালানির এই বড় ধরনের মূল্যবৃদ্ধির পর দেশের দেশীয় এয়ারলাইন্সগুলো টিকিটের ভাড়া সমন্বয় করে নতুন সারচার্জ আরোপ করেছে।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতি টিকিটে ১ হাজার ২০০ টাকা করে বেড়েছে। ফলে এসব রুটে যাতায়াতের ক্ষেত্রে রিটার্ন টিকিটে যাত্রীদের আগের তুলনায় প্রায় ২ হাজার ৪০০ টাকা বেশি ব্যয় করতে হবে।
এছাড়া ঢাকা থেকে যশোর ও রাজশাহী রুটেও টিকিটের দাম বেড়েছে। এই দুটি রুটে প্রতি টিকিটে বাড়তি এক হাজার টাকা করে যুক্ত করা হয়েছে।
এয়ারলাইন্স সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকিটের মূল ভাড়া অপরিবর্তিত রেখে অতিরিক্ত অর্থ ‘ফুয়েল সারচার্জ’ হিসেবে টিকিটের মোট মূল্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।
জ্বালানির দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে অভ্যন্তরীণ পর্যটন ও আকাশপথে যাত্রী চলাচলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে এয়ারলাইন্স খাত ও পর্যটন শিল্প উভয়ই চাপে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
