বিমানের ভাড়া কমাতে নির্দেশ দিয়েছে সরকার

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান সংস্থাগুলো ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ (বেবিচক) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অকারণে ভাড়া বৃদ্ধি না করতে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গত ১২ ডিসেম্বর উপসচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বছরের বিশেষ সময়ে (যাত্রীদের গমনাগমন বৃদ্ধির সময়ে) যাতে বিমান সংস্থাগুলো অকারণে ভাড়া বৃদ্ধি না করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।‌’

বিমান বাংলাদেশ এয়ারলাইনস মন্ত্রনালয়ের এই নির্দেশ মানতে রাজি নয় । নিজেদের ব্যাণিজ্যক প্রতিষ্ঠান হিসেবে দাবি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এর মতে মৌসুমে টিকিটের দাম বেশি থাকবেই। এছাড়াও বিমানের ভাড়া আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। এসব নিয়ম মানতে হয় এয়ারলাইন্সগুলোকে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর বলেন, ‘এয়ারলাইনসগুলোর সঙ্গে আমি কিছুদিন আগেই মিটিং করেছি। অন্যান্য দেশে টিকিটের দাম তুলনামুলক কম সে হিসেবে তাদের টিকিটের দাম কমানোর জন্য আমরা অনুরোধ করেছি। আন্তর্জাতিকভাবে বিমানে ভাড়া নিয়ন্ত্রণ করা হয়। এ জন্য টিকিটের দাম নিয়ন্ত্রণটা আমাদের হাতে নেই। আমরা কিছুটা কম করার জন্য তাদের বলতে পারি ।’

মন্ত্রণালয়ের নির্দেশে বেবিচক থেকে বিমান সংস্থাগুলোকে দু-এক দিনের মধ্যেই চিঠি দেওয়া হবে। বাংলাদেশে বেবিচক বিমান ভাড়া নির্ধারণের একটি রেগুলেটরি বডি হওয়ায় বিমান সংস্থাগুলোকে এ নির্দেশ মানতে সব এয়ারলাইনসকে চিঠি দেয়া হবে।

  • বিমান ভাড়া