মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করেছে, সংশ্লিষ্ট গন্তব্যে যাত্রার পরিকল্পনা থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ না করে কোনো অবস্থাতেই বিমানবন্দরে না আসতে।

যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বর ১৩৬৩৬ চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতির জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে জানানো হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো নতুন আপডেট যথাসময়ে জানানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • মধ্যপ্রাচ্য