মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।
তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
স্থগিত হওয়া রুটগুলোর যাত্রীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এ সময়ে যাত্রার টিকিট সংগ্রহকারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। এ সেবা দেশে-বিদেশে বিমানের সেলস সেন্টার বা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে পাওয়া যাবে।
ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীরা বিমানের কলসেন্টার ১৩৬৩৬ (দেশীয়) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বিমান জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
