হেলিকপ্টার সেবার পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহনের জন্য নিজস্ব এয়ারলাইন্স চালুর পরিকল্পনা করেছে এমজিএইচ গ্রুপ। নতুন এয়ারলাইন্সটির নাম নির্ধারণ করা হয়েছে ‘ফ্লাই ফ্যালকন’।
নতুন এই এয়ারলাইন্সটিতে ৫১ শতাংশ মালিকানা থাকবে বাংলাদেশের এমজিএইচ গ্রুপের এবং বাকি ৪৯ শতাংশ বিনিয়োগ করবে এফজেডই। সংযুক্ত আরব আমিরাতের শারজাহের সুলতানের মালিকানাধীন গ্রুপ এফজেডই। আমিরাতভিত্তিক এয়ার অ্যারাবিয়া এই গ্রুপেরই প্রতিষ্ঠান। ফ্লাই ফ্যালকন বর্তমানে প্রাথমিক ধাপে রয়েছে। সিএএবির পরামর্শ ও পর্যবেক্ষণ অনুযায়ী তারা আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু করবে।
বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশে তিনটি বেসরকারি এয়ারলাইন্স-নভোএয়ার, ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে এয়ার অ্যাস্ট্রা সর্বশেষ ২০২২ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। নতুন এয়ারলাইন্স ফ্লাই ফ্যালকন চালু হলে এটি হবে দেশের পরবর্তী সম্ভাব্য সংযোজন, যা যাত্রী ও কার্গো উভয় খাতে প্রতিযোগিতা আরও বাড়াবে।
এদিকে, দেশের ১২তম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে অনুমোদন পেলেও ফ্লাই ঢাকা এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। এ এয়ারলাইন্সের মালিক জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। সর্বশেষ তারা ২০২৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
গত ২৫ বছরে আর্থিক সংকট ও ব্যবস্থাপনার দুর্বলতায় অন্তত আটটি বেসরকারি এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০২২ সালে রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইট বন্ধ করে দেয়।
