ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারী রোগীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাত্রীতালিকা অনুযায়ী, নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটিতে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এ ছাড়া উড়োজাহাজটিতে দুই পাইলট ছিলেন।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। রোগীসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ঢাকায় জরুরি অবতরণ করা হয়। অবতরণের পরপরই অসুস্থ নারীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। একই সঙ্গে ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণও নিশ্চিত হওয়া যায়নি।
