চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এখন আরও যাত্রীবান্ধব: পরিচালক

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ দিন আগে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এখন আগের তুলনায় অনেক বেশি যাত্রীবান্ধব হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের ফলে যাত্রীদের অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’র আয়োজনে চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত অভিবাসীদের কল্যাণ ও পরিসেবা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদেশগামী যাত্রীদের জন্য ভাষাগত প্রতিবন্ধকতা দূর করা, কাউন্সেলিং এবং মনোসামাজিক সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিমানবন্দরে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে তথ্য সহায়তা কেন্দ্র, ফ্রি ওয়াইফাই জোন সম্প্রসারণ, ফ্রি টেলিফোন বুথ, জরুরি অ্যাম্বুলেন্স সেবা, উন্নত নামাজ কক্ষ, ব্রেস্টফিডিং কর্নার, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, উন্নত হেল্প ডেস্ক এবং অনলাইন রেন্ট-এ-কার সেবা।

তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে ‘প্রত্যাশী’র কার্যক্রমের প্রশংসা করে প্রবাসী যাত্রীদের কল্যাণে বিমানবন্দরে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক অফিসার সাধন কুমার মহন্ত, স্টেশন কমিউনিকেশন অফিসার মোহাম্মদ উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরীন, উপ-পরিচালক (এনএসআই) আরিফ আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের এডভোকেসি এক্সপার্ট শামায়লা মাহবুব এবং সঞ্চালনা করেন প্রত্যাশীর প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি।

এছাড়া সেমিনারে বিমানবন্দরের বিভিন্ন চলমান সেবার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। প্রত্যাশীর সিম্স প্রকল্প নিয়েও ধারণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেমিনারে সিভিল এভিয়েশন, আইনশৃঙ্খলা বাহিনী, এয়ারলাইন্স প্রতিনিধি, এনজিও এবং অভিবাসী কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

  • চট্টগ্রাম ফ্লাইট
  • বিমানবন্দর
  • যাত্রীসেবা
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
  • সেমিনার