শাহজালাল বিমানবন্দরে মেনজিসের ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রীসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হলে প্রথম বছরেই ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাজ্যভিত্তিক বিমান চলাচল সেবা প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, এ বিনিয়োগের মাধ্যমে সরাসরি প্রায় ১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় আরও ৪ হাজার ৫০০টির বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে মেনজিস।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এসব পরিকল্পনার কথা জানান।

বিনিয়োগ হবে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে

মেনজিসের কর্মকর্তারা জানান, প্রস্তাবিত বিনিয়োগের একটি বড় অংশ বিমানবন্দর পরিচালনা, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের স্থানীয় এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।

এর অংশ হিসেবে ঢাকায় একটি মেনজিস ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের বিমান চলাচল-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করা হবে।

এ ছাড়া স্থানীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এভিয়েশন শিক্ষা, ইন্টার্নশিপ এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার তৈরির উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

মেনজিসের কর্মকর্তারা বলেন, এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান ও দক্ষতা বাংলাদেশে স্থানান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচালন, কারিগরি ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়বে।

স্থানীয়ভাবে তৈরি হবে ইউনিফর্ম

মেনজিসের পরিকল্পনায় স্থানীয়ভাবে ইউনিফর্ম তৈরি ও সংগ্রহের বিষয়টিও রয়েছে। এর ফলে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় নিয়োগ, পেশাগত প্রশিক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং দীর্ঘমেয়াদি জ্ঞান হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে একটি দক্ষ ও টেকসই এভিয়েশন কর্মীভিত্তি গড়ে তোলার লক্ষ্য রয়েছে মেনজিসের।

প্রতিযোগিতার ভিত্তিতে সিদ্ধান্তের আশা

তৃতীয় টার্মিনালে দ্বিতীয় অপারেটর নির্বাচনের ক্ষেত্রে ভূরাজনৈতিক বা রাজনৈতিক কোনো বিষয় প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক সাকিব এরশাদ বলেন, প্রতিযোগিতাটি ন্যায্য হবে বলে তারা আশাবাদী।

তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে এটি ভূরাজনৈতিক প্রভাবের পরিবর্তে ন্যায্য প্রতিযোগিতার ভিত্তিতেই হবে।”

মেনজিস জানিয়েছে, বাংলাদেশে প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় অপারেটর নিয়োগে বাড়বে প্রতিযোগিতা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রীসেবা অপারেটর নিয়োগের জন্য মেনজিসের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে আন্তর্জাতিক কয়েকটি গ্রাউন্ড-হ্যান্ডলিং প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রয়েছে চেলেবি এভিয়েশন, ডানাটা, সুইসপোর্ট ও স্যাটস।

দ্বিতীয় অপারেটর যুক্ত হলে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড-হ্যান্ডলিং সেবায় প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি সেবার মানও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সংবাদ সম্মেলনে মেনজিস এভিয়েশনের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন হেন্ডারসন বক্তব্য দেন।

  • চাকরি
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ