হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সোমবার(২৭ এপ্রিল) এভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকার ১৬ ডিসেম্বরকে একটি ডেডলাইন হিসেবে নির্ধারণ করেছে জানিয়ে চেয়ারম্যান বলেন, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ এগিয়ে চলছে।
তিনি জানান, জাপানের সাথে চুক্তির পর ৬ মাস থেকে এক বছরের একটি টেস্ট রান পরিচালনা করা হবে। টেস্ট রানের প্রায় ছয় মাস পর সীমিত আকারে তৃতীয় টার্মিনাল চালুর ব্যাপারে আশা প্রকাশ করেন চেয়ারম্যান।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, দ্রুত বিমানবন্দর স্থানান্তর বা শিফটিং প্রক্রিয়ায় ঝুঁকি থাকে। আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, এ ধরনের শিফটিংয়ের ক্ষেত্রে প্রায় ৭৪ শতাংশ ঘটনায় ব্যর্থতার ঝুঁকি দেখা যায়। এ কারণে পুরো প্রক্রিয়া সতর্কতা ও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।
দীর্ঘদিন অচল অবস্থায় থাকা তৃতীয় টার্মিনালের ইকুইপমেন্টগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি (ADC) নিয়মিতভাবে এসব সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেইনটেনেন্স চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে এবং মৌখিকভাবে ২০২৭ সালের জুন পর্যন্ত সাপোর্ট দেওয়ার কথাও জানিয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে জাপানি কোনো প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পেলে এডিসির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ বেবিচক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
