বহর আধুনিকায়নে এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে চারটি এ৩৫০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
এয়ারবাস জানিয়েছে, বিমান বাংলাদেশের বহর আধুনিকায়নের পরিকল্পনাকে সহায়তা করবে নতুন উড়োজাহাজগুলো। চারটি এ৩৫০ এবং ছয়টি এ৩২১নিও নিয়ে গঠিত এই বহর কৌশলগতভাবে বিমানকে উত্তর আমেরিকার পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যে আরও কার্যকরভাবে যোগাযোগ স্থাপনে সক্ষম করবে।
নতুন এয়ারবাস উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহর আরও আধুনিক ও দীর্ঘপাল্লার সক্ষমতা অর্জন করবে। ফলে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
