ভারতের জন্য আকাশ ব্যবহারের নিষেধাজ্ঞা আরও একমাস বাড়ালো পাকিস্তান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতীয় সামরিক ও বেসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বহাল থাকবে।

এর ফলে গত বছরের ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া আকাশপথের এই অচলাবস্থা টানা দশম মাসে গড়ালো। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি সাম্প্রতিক মাসগুলোতে নতুন মাত্রা পেয়েছে।

এর আগে উত্তেজনার সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে সংঘটিত এক ভয়াবহ হামলাকে কেন্দ্র করে। ওই ঘটনার পর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিলে ইসলামাবাদ তীব্র প্রতিক্রিয়া জানায়। এর পরপরই ভারতীয় সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

যদিও সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, তবুও আকাশসীমা বন্ধের দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে ভারতের বেসামরিক বিমান চলাচল খাতে। ইউরোপ ও আমেরিকাগামী ফ্লাইটগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হওয়ায় উড়ান সময় ও জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বাড়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার আকাশপথেও স্থায়ী অস্থিরতা তৈরি হয়েছে।

কূটনৈতিক পর্যায়ে টানাপোড়েন অব্যাহত থাকায় এই নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

  • ভারত-পাকিস্তান