এয়ার অ্যাস্ট্রার বহরে নতুন ATR 72-600

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা তাদের প্রথম একেবারে নতুন ATR 72-600 উড়োজাহাজকে বৃহস্পতিবার থেকে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনায় যুক্ত করেছে। নতুন প্রজন্মের এই টার্বোপ্রপ বিমানটি আধুনিক প্রযুক্তি, উন্নত জ্বালানি দক্ষতা এবং যাত্রীস্বাচ্ছন্দ্যের সমন্বয়ে দেশের অভ্যন্তরীণ আকাশপথে নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে জানিয়েছে সংস্থাটি।

এয়ার অ্যাস্ট্রার তথ্য অনুযায়ী, বিমানটিতে রয়েছে অত্যাধুনিক PW127XT ইঞ্জিন, যা কম জ্বালানি ব্যবহার এবং কম কার্বন নিঃসরণ নিশ্চিত করে পরিবেশবান্ধব বিমান পরিচালনায় সহায়তা করবে। এছাড়া উন্নত ককপিট অটোমেশন সিস্টেম প্রতিকূল আবহাওয়াতেও নিরাপদ ও নির্ভরযোগ্য ফ্লাইট পরিচালনায় ভূমিকা রাখবে।

নতুন ATR 72-600-এ সংযোজন করা হয়েছে নিউ এয়ার ম্যানেজমেন্ট সিস্টেম (NAMS), যা কেবিনের বায়ু আরও পরিষ্কার ও শীতল রাখতে সক্ষম। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য এতে রয়েছে গেভেন নিও প্রেসটিজ আসন, যা দীর্ঘ কিংবা স্বল্প দূরত্বের যাত্রায় উন্নত স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, আধুনিক, শান্ত এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে বহরে যুক্ত করা এই নতুন উড়োজাহাজ দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহনে নতুন মাত্রা যোগ করবে।

“Brand-New. And Ready to Fly” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা নতুন ATR 72-600 বিমানটি আজ সকাল থেকেই নির্ধারিত ফ্লাইট পরিচালনা করছে।

  • এয়ার অ্যাস্ট্রা
  • এয়ারলাইন্স
  • যাত্রীসেবা
  • সর্বশেষ