বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সোমবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত “Saudia and HSBC: Powering Global Connectivity—Celebrating Saudia’s Journey in Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের বিমান চলাচল খাত একটি নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের আকাশপথের সংযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। এর মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক এয়ারলাইন্স, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের অংশগ্রহণকে সরকার স্বাগত জানায়।
বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের কার্যক্রমের প্রশংসা করে আফরোজা খানম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাত্রী পরিবহন, প্রবাসী কর্মীদের যাতায়াত এবং হজ-ওমরাহ যাত্রীদের নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। ফলে সৌদিয়া শুধু একটি এয়ারলাইন নয়, বরং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া, সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে এভিয়েশন খাতের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
