৫৮ শতাংশ কমলো এয়ারলাইন্সের সারচার্জ, টিকিটের দাম কমবে?

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

দীর্ঘদিন ধরে উচ্চ সারচার্জের চাপের মুখে থাকা দেশের এয়ারলাইন্সগুলোর জন্য অবশেষে স্বস্তির বার্তা এসেছে। সরকার দেশের সাতটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায় করা বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে ১৪.২৫ শতাংশে নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক গেজেটে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির পক্ষে গেজেটে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।

এর আগে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর তুলনায় বাংলাদেশে সারচার্জের হার ছিল অস্বাভাবিকভাবে বেশি। যেখানে ভারতে এ হার ১২ থেকে ১৮ শতাংশ, সিঙ্গাপুরে ৮ শতাংশ, ওমানে ১০ শতাংশ এবং পাকিস্তানে মাত্র ২ শতাংশ নির্ধারিত ছিল।

বাংলাদেশ গেজেটে প্রকাশিত সংশোধিত বিধান অনুযায়ী, বিল বকেয়া হওয়ার পর প্রথম ৩০ দিনের মধ্যে এয়ারলাইন্সগুলোর ওপর কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। তবে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে বকেয়া বিলের ওপর ১ শতাংশ, ৬১ থেকে ১২০ দিনের মধ্যে ১.২৫ শতাংশ এবং ১২০ দিন অতিক্রমের পর প্রতিটি পরবর্তী ১২০ দিন বা এর অংশের জন্য ৬ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হবে।

এর ফলে আগে মাসিক ৬ শতাংশ হারে কার্যত যেখানে বছরে ৭২ শতাংশ সারচার্জ আদায় হতো, সেখানে নতুন ব্যবস্থায় বার্ষিক সর্বোচ্চ সারচার্জ কমে প্রায় ১৪.২৫ শতাংশে দাঁড়িয়েছে। এই পরিবর্তন এয়ারলাইন্সগুলোর ওপর দীর্ঘদিনের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে লাঘব করবে বলে মনে করা হচ্ছে।

বিভিন্ন দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে সারচার্জের হার ৮ শতাংশ, মালয়েশিয়ায় ১২ শতাংশ, ওমানে ১০ শতাংশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিষ্ঠানভেদে ১২ থেকে ১৮ শতাংশ নির্ধারিত। পাকিস্তানে এ হার আন্তঃব্যাংকিং এক্সচেঞ্জ রেটের ওপর মাত্র ২ শতাংশ। অথচ বাংলাদেশে বেবিচকের বকেয়ার ক্ষেত্রে মাসে ৬ শতাংশ হারে হিসাব করে বছরে মোট ৭২ শতাংশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছিল।

এয়ারলাইন্স মালিকদের মতে, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অনিয়মিতভাবে বেড়ে যাওয়ায় এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে এয়ারলাইন্স খাত গভীর আর্থিক ঝুঁকিতে পড়েছে। এর সঙ্গে যুক্ত ছিল উচ্চ সারচার্জ, যা সংকটকে আরও তীব্র করেছে। সাময়িকভাবে বন্ধ থাকা দেশীয় এয়ারলাইন্সগুলো অতিরিক্ত সারচার্জের বোঝায় কঠিন চাপে ছিল। তবে সাম্প্রতিক সারচার্জ কমানোর সিদ্ধান্ত তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

এই সারচার্জ কমায় এয়ারলাইন্স গুলোর জন্য পরিষেবা পরিচালনা করা সহজতর হবে। তবে এই সুবিধা যাত্রীদের জন্য কতটা সুবিধা বয়ে আনবে সেটির অপেক্ষায় আকাশ পথের যাত্রীরা।
  • Travel based 1st digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সারচার্জ