টার্কিশ এয়ারলাইন্সের ১৫ বছর পূর্তিতে ঢাকায় হাফ ম্যারাথন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বাংলাদেশে কার্যক্রমের ১৫ বছর পূর্তি উপলক্ষে টার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন ২০২৬-এ সহযোগিতা করেছে টার্কিশ এয়ারলাইন্স। রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার দৌড়বিদ অংশ নেন।

ফিটনেস ও ক্রীড়া ইভেন্ট প্ল্যাটফর্ম অ্যাকটিভপালসের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে শারীরিক সুস্থতার পাশাপাশি টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশে ১৫ বছরের কার্যক্রম উদযাপন করা হয়। একই সঙ্গে বাংলাদেশ, তুরস্ক এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে। তিনি বলেন, বাংলাদেশে টার্কিশ এয়ারলাইন্সের ১৫ বছরের উপস্থিতি শুধু বিমান যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষ ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ বাড়ানো, সম্পর্ক জোরদার করা এবং নতুন সুযোগ তৈরির ক্ষেত্রেও এ যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আয়োজনটিতে সহযোগিতার জন্য সরকারি সংস্থা, ব্যবসায়িক অংশীদার, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ, ঢাকায় তুরস্ক দূতাবাসের ইরেম চেলিক, ইউনাইটেড আয়গাজ এলপিজির হারুন ওরতাচ, তুর্কিশ কার্গোর ম্যানেজার মোহাম্মদ আরিফ হোসাইন খান এবং তুর্কিশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের মধ্যে সেমিহ কুলচু ও ইউসুফ সারিতাচ।

এ ছাড়া অ্যাকটিভপালসের প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ ও মোরসালিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, টার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন ২০২৬ স্বাস্থ্যকর জীবনযাপন ও ক্রীড়াচর্চার পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মানুষের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক উদযাপনের একটি উপলক্ষ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

  • এয়ারলাইন্স
  • টার্কিশ এয়ারলাইনস
  • সর্বশেষ