টোয়াব অ্যাওয়ার্ডে সেরা দেশীয় এয়ারলাইন্স ইউএস-বাংলা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২২ ঘন্টা আগে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান রবিবার রাজধানীতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াবের সভাপতি রাফিউজ্জামান ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশের অভ্যন্তরীণ সব রুট ও আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটি বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুর, থাইল্যান্ডের ব্যাংকক, মালদ্বীপ এবং ভারতের কলকাতা ও চেন্নাই।

সংস্থাটি জানিয়েছে, যাত্রীসেবার মান আরও উন্নত করতে খুব শিগগিরই বহরে আরও তিনটি ন্যারোবডি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে। পাশাপাশি ভবিষ্যতে ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের দাবি, দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ ও মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার অর্জিত হয়েছে।

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া