যাত্রীদের জন্য বিশেষ ছাড় ও সুবিধা দিতে দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে অংশীদার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এ সুবিধা নেওয়া যাবে। অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ছাড় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন নভোএয়ারের যাত্রীরা।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য উদ্ভাবনী সেবা চালু করতে শুরু থেকেই কাজ করছে নভোএয়ার। ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ কর্মসূচির মাধ্যমে ভ্রমণ শেষ হওয়ার পরও যাত্রীরা যেন বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করে আসছে নভোএয়ার। এর মধ্যে রয়েছে দেশের প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীসেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে নতুন এ কর্মসূচি চালু করেছে বেসরকারি বিমান সংস্থাটি।
