রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুনাফা বাড়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। একসময় লোকসানের কারণে আলোচনায় থাকা প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে মুনাফা করছে। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৮২২ কোটি ৩৪ লাখ টাকা। দুই বছরের ব্যবধানে বিমানের মুনাফা প্রায় তিন গুণে উন্নীত হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের প্রাথমিক আর্থিক বিবরণী অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট আয় হয়েছে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা। বিপরীতে পরিচালনাসহ অন্যান্য খাতে ব্যয় হয়েছে ১০ হাজার ৯৩০ কোটি ৬৬ লাখ টাকা। আয় ও ব্যয়ের ব্যবধান থেকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৮২২ কোটি ৩৪ লাখ টাকা। আগের অর্থবছর ২০২৪–২৫-এর তুলনায় এ মুনাফা বেড়েছে প্রায় ৪ দশমিক ৭৫ শতাংশ।
বিমানের আর্থিক অগ্রগতির চিত্র আরও স্পষ্ট হয় আগের দুই অর্থবছরের হিসাব পর্যালোচনায়। ২০২৩–২৪ অর্থবছরে সংস্থাটির নিট মুনাফা ছিল ২৮২ কোটি টাকা। পরের অর্থবছর ২০২৪–২৫-এ তা বেড়ে দাঁড়ায় ৭৮৫ কোটি ২১ লাখ টাকা। সর্বশেষ অর্থবছরে মুনাফা আরও বেড়ে ৮২২ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ দুই বছরে মুনাফা বেড়েছে প্রায় ১৯১ শতাংশ।
মুনাফা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে যাত্রী পরিবহনে আসন পূরণের হার বাড়ার বিষয়টি উঠে এসেছে। এভিয়েশন খাতে যা ‘প্যাসেঞ্জার লোড ফ্যাক্টর’ নামে পরিচিত। ২০২৪–২৫ অর্থবছরে বিমানের আসন পূরণের হার ছিল ৮২ শতাংশ। সর্বশেষ অর্থবছরে তা বেড়ে ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। ফলে প্রতি ফ্লাইটে আসন ব্যবহারের হার বেড়েছে এবং যাত্রী পরিবহন থেকে আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।
তবে বিমানের আয়ের উৎস শুধু যাত্রীদের কাছে টিকিট বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ও মেইল পরিবহন এবং অতিরিক্ত লাগেজের চার্জ থেকেও উল্লেখযোগ্য রাজস্ব আসে সংস্থাটির। বিশেষ করে বিদেশি এয়ারলাইনগুলোর জন্য কার্গো পরিবহন ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমানের আয়ের গুরুত্বপূর্ণ উৎস।
২০২৪–২৫ অর্থবছরে বিদেশি এয়ারলাইনগুলোর জন্য প্রায় ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে বিমান। একই অর্থবছরে বিদেশি এয়ারলাইনগুলোর ৩১ হাজার ১১২টি ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে সংস্থাটি। এ সময় ৬১ লাখের বেশি যাত্রীকে এ সেবার আওতায় আনা হয়। নিজেদের ফ্লাইট পরিচালনার পাশাপাশি বিদেশি এয়ারলাইনগুলোকে এসব সেবা দেওয়ার মাধ্যমে নিয়মিত রাজস্ব পাচ্ছে রাষ্ট্রীয় সংস্থাটি।
যাত্রী পরিবহনে আসন পূরণের হার বৃদ্ধি, আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল, কার্গো পরিবহন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা থেকে আয় বৃদ্ধির পাশাপাশি পরিচালন ব্যয় নিয়ন্ত্রণও মুনাফা বাড়াতে ভূমিকা রাখছে। বিশেষ করে দেশের বিমানবন্দরগুলোতে বিদেশি এয়ারলাইনগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বিমানের অবস্থান এ খাত থেকে আয় অর্জনের সুযোগ তৈরি করেছে।
তবে মুনাফার এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, লিজ ও পরিচালন ব্যয় এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতা মোকাবিলা করতে হবে সংস্থাটিকে। পাশাপাশি বহর সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক রুট চালু এবং যাত্রীসেবার মান উন্নয়নেও প্রয়োজন বিনিয়োগ।
এ অবস্থায় মুনাফার পরিমাণ বাড়ানোর পাশাপাশি অর্জিত অর্থ কীভাবে বহর সম্প্রসারণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরিতে কাজে লাগানো যায়, সেটিই হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামী দিনের গুরুত্বপূর্ণ পরীক্ষা।
