রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টার্কিশ এয়ারলাইনস অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন ২০২৬’। আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির দ্বিতীয় আসর। এতে প্রায় ৩ হাজার ৫০০ রানার অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রথমবারের মতো উন্মোচন করা হয় প্রতিযোগিতার অফিসিয়াল রেস টি-শার্ট ও ফিনিশার মেডেল।
এবারের ম্যারাথনের প্রতিপাদ্য ‘রান দ্য ওয়ার্ল্ড’। এই প্রতিপাদ্যের মাধ্যমে ঢাকায় বিশ্বের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে আয়োজকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।
এ ছাড়া আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার, ইউনাইটেড আয়গাজ এলপিজি লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা ওসমান চেলিক এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালক হাকান আলতিনিশিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং অ্যাক্টিভপালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর হাসান।
ইসলাম গুরে বলেন, টানা দ্বিতীয় বছরের মতো অ্যাক্টিভপালস বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে টার্কিশ এয়ারলাইনস গর্বিত। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মানুষ ও সংস্কৃতিকে কাছাকাছি আনার পাশাপাশি তরুণ নেতৃত্ব ও দেশের ক্রমবর্ধমান রানিং কমিউনিটিকে উৎসাহিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার জনস্বাস্থ্যের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি মানুষকে ব্যায়াম ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি দৌড়ের মতো কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতাটি এআইএমএসের সদস্য ইভেন্ট। হাফ ম্যারাথনের কোর্সটি এআইএমএস সার্টিফায়েড এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের মাধ্যমে পরিমাপ করা হয়েছে। ঢাকার রানারদের জনপ্রিয় স্থান হাতিরঝিলে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।
ইতোমধ্যে ম্যারাথনের নিবন্ধন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই দুই হাজারের বেশি রানার নিবন্ধন করেছেন। আয়োজকদের প্রত্যাশা, এবার চারটি ক্যাটাগরিতে প্রায় ৩ হাজার ৫০০ জন অংশ নেবেন।
চারটি ক্যাটাগরির মধ্যে রয়েছে ২১ দশমিক ০৯৫ কিলোমিটার হাফ ম্যারাথন, ১৪ দশমিক ৬৪৫ কিলোমিটার চ্যালেঞ্জ রান, ৭ দশমিক ৩২১ কিলোমিটার এফএনএফ রান এবং ১ দশমিক ৫ কিলোমিটার ফান রান। প্রতিযোগিতামূলক ক্যাটাগরির অপেশাদার অ্যাথলেটদের জন্য তিন লাখ টাকার বেশি পুরস্কার রাখা হয়েছে।
নারী ও পুরুষ বিজয়ীদের জন্য সমান পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজকেরা। এবার প্রথমবারের মতো হাফ ম্যারাথনে ৫০ বছর বা তার বেশি বয়সী রানারদের জন্য ‘ভেটেরান ৫০+’ ক্যাটাগরি যুক্ত হয়েছে। ফান রানে অংশ নেওয়া প্রত্যেক ফিনিশারকেও স্বীকৃতি দেওয়া হবে।
এবারের আয়োজনে কিট পার্টনার হিসেবে রয়েছে টার্কিশ কার্গো এবং হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। আরও কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি শুধু ক্রীড়া আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত শরীরচর্চা ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি স্পোর্টস ট্যুরিজম, কমিউনিটি অংশগ্রহণ ও তরুণদের সম্পৃক্ততা বাড়ানোও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
গত বছরের তুলনায় এবারের আয়োজন আরও বড় পরিসরে হবে। কোর্স ব্যবস্থাপনা, বিনোদন ও অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সেবায় উন্নয়ন আনা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের কার্যক্রমও বাড়ানো হবে।
‘রান দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৮ সেপ্টেম্বর হাতিরঝিলে দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টার্কিশ এয়ারলাইনস অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথনের দ্বিতীয় আসর। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন খেলাধুলার পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে।
