বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। এখন থেকে ঢাকা-পাকিস্তান সরাসরি করাচিতে ফ্লাইট পরিচালনা করতে পারবে ফ্লাই জিন্নাহ। এর ফলে প্রায় এক দশক পর দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হলো।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া সোমবার বাসসকে জানান, তারা (ফ্লাই জিন্নাহ) আমাদের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল, আমরা তা অনুমোদন করেছি।
তিনি আরও বলেন, এখন ফ্লাই জিন্নাহ একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। তারা স্লট এবং ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে তাও দেওয়া হবে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৫ সালে এই রুটে সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল।
উল্লেখ্য, ফ্লাই জিন্নাহ পাকিস্তানের একটি বাজেট এয়ারলাইন্স।
