মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়া আগের সুপারিশগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। কমিটির সভাপতি ও প্রধান হুইপ মো. নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বিমানের ১৫ বছর বয়সী দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজ নেওয়া এবং পরবর্তী সময়ে লিজের মেয়াদ শেষে কেনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তাঁদের মতে, পুরোনো উড়োজাহাজ কেনার অনুমতি বিমানের ক্রয় নীতিমালায় নেই। এ ছাড়া উড়োজাহাজ দুটি পরিচালনায় ব্যয় ও সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও আলোচনায় আসে।
এ ঘটনায় সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
কমিটি জানায়, উড়োজাহাজ দুটি কেনা ও পরিচালনায় ব্যয়ের চুক্তি এবং বিল নিরীক্ষকদের দেখাতে পারেনি বিমান। এ বিষয়ে সংশ্লিষ্ট সব নথি ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দিতে বলা হয়েছে। বিমানের কর্মকর্তারা নথিপত্র সরবরাহের আশ্বাস দিয়েছেন।
বৈঠকে বিমানের ডিপারচার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বড় অঙ্কের রাজস্ব ক্ষতির বিষয়টিও উঠে আসে। নিরীক্ষায় দেখা গেছে, আন্তর্জাতিক রুটের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত অতিরিক্ত অর্থ নিয়ে ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করা হলেও সেই অর্থ বিমানের হিসাব ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি) বিমানের পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি নিরীক্ষা শুরু করেছে। চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় সব তথ্য নিরীক্ষকদের সরবরাহ করতে বিমানকে নির্দেশ দিয়েছে কমিটি।
এ ছাড়া বিমানের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান সাবরেকে চুক্তির সব কাজ সম্পন্ন না করলেও পুরো অর্থ পরিশোধের অভিযোগ পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান ও নিরীক্ষা বিভাগকে সাত দিনের মধ্যে যৌথভাবে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৈঠকে পর্যাপ্ত বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার কারণে লোকসানে পড়া বিভিন্ন রুটের বিষয়েও আলোচনা হয়। এসব রুট চালুর ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং আয়-ব্যয়ের বিবরণী জমা দিতে বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে।
করোনাকালে ঢাকা-গুয়াংজু রুটে চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও পর্যালোচনা করেছে কমিটি। এ ঘটনায় এক মাসের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের বিরুদ্ধে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকার ১১১টি নিরীক্ষা আপত্তি এখনো অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির আটটির বিষয়ে বিমানের দাবি গ্রহণ করেনি নিরীক্ষা বিভাগ। সংশ্লিষ্ট অর্থ পরিশোধের পক্ষে গ্রহণযোগ্য ব্যাংক বিবরণী জমা দিতে না পারায় এসব দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।
এসব আপত্তি নিষ্পত্তি, পাওনা অর্থ আদায় এবং সংশ্লিষ্ট মামলাগুলোর হালনাগাদ অবস্থা জানিয়ে এক মাসের মধ্যে সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ প্রতিবেদন জমা দিতে বিমানকে নির্দেশ দিয়েছে কমিটি।
বিমানকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু ও মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মমতাজিনা তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
