নিরাপত্তা নিশ্চিতে বিমানে পাওয়ার ব্যাংক চার্জিং নিষিদ্ধ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিতে নতুন নির্দেশনা জারি করেছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের সময় যাত্রীরা উড়োজাহাজের অনবোর্ড ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না। একইসঙ্গে ব্যক্তিগত ডিভাইস চার্জ দেওয়ার জন্যও পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আয়াটা)-এর ‘বিপজ্জনক পণ্যবাহী নীতিমালা’ অনুসারে লিথিয়াম ব্যাটারি চালিত পাওয়ার ব্যাংকগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এটি নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই বিমানে এর ব্যবহার সীমিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই নীতিমালা কার্যকর করতে তারা সকল যাত্রীর সহযোগিতা প্রত্যাশা করছে।

এয়ারলাইন্সটি যাত্রীদের প্রতি আরও অনুরোধ করে বলেন, উড়োজাহাজে ওঠার আগে তারা যেন এই নীতিমালা সম্পর্কে সচেতন হন এবং নির্ধারিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলেন।

প্রসঙ্গত, বিমানের মতো আরও কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স এই বিধিনিষেধ কার্যকর করেছে। থাই এয়ারওয়েজ ১৫ মার্চ থেকে একই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এটি ১ এপ্রিল থেকে কার্যকর করবে। নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাস করতে বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারলাইন্স লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত কঠোর নীতি অনুসরণ করছে।

  • নিরাপত্তা
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স