বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইট @ সংগৃহীত
১৯৬৭ সালে বিশ্বের সবচেয়ে ছোট ফ্লাইট শুরু হয়। মুলত স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জে স্থানীয় পরিবহন ব্যবস্থা উন্নত করতে এই ছোট বিমান সংযোগ চালু করা হয়। এই অঞ্চলটি বেশ বিচ্ছিন্ন এবং দ্বীপগুলোর মধ্যে যাতায়াত নৌকা বা বিমানের মাধ্যমেই সম্ভব।
স্কটল্যান্ডের আঞ্চলিক বিমান সংস্থা লগানএয়ারের পরিচালনায় এই সংক্ষিপ্ত যাত্রীবাহী ফ্লাইটটি ওয়েস্ট্রে থেকে পাপা ওয়েস্ট্রে রুটে পরিচালিত হয়। ফ্লাইটটি সময়সূচি অনুযায়ী মাত্র ১.৫ মিনিট স্থায়ী হয়, তবে বাস্তব ফ্লাইং সময় প্রায় এক মিনিট। এখন পর্যন্ত দ্রুততম ফ্লাইটের রেকর্ড ৫৩ সেকেন্ডর। ফ্লাইটগুলো সাধারণত ৮-১০ আসনের ছোট বিমান ব্যবহার করে।
ফ্লাইটের এই রুটটি একটি সরকারি পাবলিক সার্ভিস রুট। তিনটি বিমানবন্দর সংযোগকারী এই রুট কির্কওয়াল এয়ারপোর্টকেও অন্তর্ভুক্ত করেছে। প্রতিদিন উভয় দিকে ফ্লাইট পরিচালিত হয়। তবে শনিবার কেবল ওয়েস্ট্রে থেকে পাপা ওয়েস্ট্রে এবং রবিবার বিপরীত দিকের ফ্লাইট পরিচালিত হয়। রুটটি মাত্র ২.৭ কিলোমিটার দীর্ঘ, যা এডিনবার্গ এয়ারপোর্টের রানওয়ের দৈর্ঘ্যের সমান।
এই ফ্লাইটটি পর্যটকদের কাছে এক বড় আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসে ভরপুর পাপা ওয়েস্টরে ৬০টিরও বেশি প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে, যা শিক্ষার্থী ও পর্যটকদের মুগ্ধ করে। বিশ্বের সবচেয়ে ছোট এই ফ্লাইটের ইতিহাস ও অস্তিত্ব প্রমাণ করে, মানুষের প্রয়োজনের ভিত্তিতে যাতায়াত ব্যবস্থার উদ্ভাবন কতটা কার্যকর ও বিস্ময়কর হতে পারে।
