বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১০৩ জনের চাহিদাপত্র পেল বোয়েসেল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ দিন আগে

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কাছ থেকে ১ হাজার ১০৩ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বোয়েসেল সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পায় প্রতিষ্ঠানটি। এরপর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পাশাপাশি তাঁদের দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল জানান, মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর জন্য নতুন করে ৫৩৫ জনের চাহিদাপত্র পাওয়া গেছে। এর আগে প্রথম পর্যায়ে ৫৬৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র এসেছিল। সব মিলিয়ে কর্মী নিয়োগের চাহিদা দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ের ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তাঁদের মধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭০ জনের কলিং ভিসা পাওয়া গেছে। চলতি মাসের শেষ দিকে কর্মীদের মালয়েশিয়ায় যাওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

  • travel based first digital media
  • বোয়েসেল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মালয়েশিয়া