প্রবাসীদের জন্য সৌদি আরবের শ্রমবাজার আরও কঠিন হয়ে উঠছে। মার্কেটিং ও সেলস (বিক্রয়) খাতে নিজস্ব নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
সোমবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, এখন থেকে মার্কেটিং ও সেলস খাতে কর্মরত প্রতিষ্ঠানে কমপক্ষে ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট খাতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী কর্মীর জন্য তা বড় দুঃসংবাদ হয়ে দাঁড়াবে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী রয়েছে, তাদের মোট জনবলের অন্তত ৬০ শতাংশ স্থানীয় নাগরিক দিয়ে পূরণ করতে হবে।
মার্কেটিং খাতে এর আওতায় পড়ছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার, জনসংযোগ (পিআর) কর্মকর্তা।
একইভাবে সেলস খাতেও সৌদিকরণ জোরদার করা হচ্ছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে, বিক্রয় ব্যবস্থাপক,আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষণার তিন মাস পর থেকেই দেশজুড়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি এসব পদে নিয়োজিত সৌদি নাগরিকদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।
সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বেসরকারি খাতের শ্রমবাজারকে সৌদি নাগরিকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য স্থানীয় কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা।
সৌদি গ্যাজেটের বরাতে জানা গেছে, শ্রমবাজারের মানোন্নয়ন এবং মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এটি দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার আওতায় বিভিন্ন খাতে প্রবাসী শ্রমিকের পরিবর্তে নিজস্ব জনবল নিয়োগের ‘সৌদিকরণ’ প্রক্রিয়া আরও জোরালো করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত কয়েক লাখ প্রবাসী কর্মী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।
