লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোঃ জসিম উদ্দিন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি। এছাড়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আমিনুর রহমান-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন ই-পাসপোর্ট প্রকল্পের আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর যুগ্ম সচিব জনাব মোঃ জসিম উদ্দিন ই-পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব কাজী আসিফ আহমেদ বলেন, লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে প্রবাসীরা নতুন পাসপোর্ট ও নবায়নের জন্য অপেক্ষায় ছিলেন। আজ থেকে সেই ভোগান্তির অবসান হলো।

তিনি আরও বলেন, এখন থেকে দূতাবাসেই ই-পাসপোর্টের আবেদন, তথ্য সংগ্রহ ও বিতরণ সম্পন্ন হবে, যা প্রবাসীদের জীবনযাত্রাকে আরও সহজ ও নিরাপদ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন পর লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই সেবার ফলে ভোগান্তি কমবে এবং আইনগত সুরক্ষা আরও জোরদার হবে। সরকারের এই উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানান।

উল্লেখ্য, ৭১তম মিশন হিসেবে লিবিয়ায় ই-পাসপোর্ট সেবার উদ্বোধনের মাধ্যমে দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন।

 

 

  • travel based first digital media
  • ই-পাসপোর্ট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • লিবিয়া দূতাবাস