বিদেশি পর্যটক টানতে বাংলাদেশের প্রচারই নেই: তসলিম আমিন শোভন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৭ ঘন্টা আগে

বিদেশি পর্যটকদের বাংলাদেশে আকৃষ্ট করতে আন্তর্জাতিক পর্যটন বাজারে কার্যকর প্রচার-প্রচারণা নেই বলে মন্তব্য করেছেন ইনোগ্লোব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তসলিম আমিন শোভন। তাঁর অভিযোগ, গত দুই বছরে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ কিংবা বড় পরিসরে কোনো বিপণন কার্যক্রম পরিচালনা করেনি বাংলাদেশ। ফলে বিশ্ববাজারে দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা যাচ্ছে না।

দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রির প্রথম পলিসি পডকাস্ট ‘চেক ইন বাংলাদেশ’-এর একাদশ পর্বে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সরকারের ভূমিকা, বিমানভাড়া, পর্যটন বোর্ডের কার্যক্রম, অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) প্রতিযোগিতা এবং দেশের পর্যটন গন্তব্যগুলোর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এই পর্যটন উদ্যোক্তা।

আন্তর্জাতিক পর্যটন প্রচারে নেপাল ও শ্রীলঙ্কার উদাহরণ টেনে তসলিম আমিন শোভন বলেন, নানা সংকটের পরও দেশ দুটি বিশ্ববাজারে নিজেদের পর্যটন গন্তব্যের প্রচার চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের পর ‘ভিজিট নেপাল’ প্রচারণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করেছে নেপাল। লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটের মতো আন্তর্জাতিক আয়োজনের পাশাপাশি বিভিন্ন গণপরিবহন ও জনপরিসরেও প্রচারণা চালিয়েছে দেশটি। অথচ বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক পিছিয়ে।

বাংলাদেশে বিদেশি পর্যটক না আসার পেছনে আন্তর্জাতিক প্রচারের অভাবের পাশাপাশি ভিসা জটিলতাকেও দায়ী করেন তিনি। তাঁর মতে, বিদেশি পর্যটকদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোকে পর্যটনবিষয়ক তথ্য ও সহযোগিতা দিতে হবে। অনেক ক্ষেত্রে বিদেশি পর্যটকেরা বাংলাদেশের বিষয়ে জানতে গিয়ে সংশ্লিষ্ট মিশন থেকে যথাযথ সহযোগিতা পান না, বরং নিরুৎসাহিত হন।

দেশীয় এয়ারলাইনসগুলোর জন্য সরকারের আরও সহায়তা প্রয়োজন বলে মনে করেন এই উদ্যোক্তা। তাঁর অভিযোগ, জ্বালানি খাতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো যেভাবে সুবিধা পায়, দেশীয় প্রতিষ্ঠানগুলো একই সুবিধা পায় না। এতে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক রুটে বিমানভাড়া বেশি হওয়ার পেছনে জ্বালানির দাম, ডলারের বিনিময়মূল্য, বিমানবন্দর কর ও অন্যান্য করের প্রভাব রয়েছে।

যাত্রীদের কম দামে টিকিট কেনার পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্তত তিন মাস আগে ভ্রমণের পরিকল্পনা করলে অনেক ক্ষেত্রে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কম দামে টিকিট পাওয়া সম্ভব। ফ্লাইটের আসনসংখ্যা ও যাত্রীর চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম বাড়ে।

অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর (ওটিএ) কার্যক্রম পরিচালনায় সুস্পষ্ট সরকারি নীতিমালা না থাকায় বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গ্রাহকদের শুধু কম দামের প্রলোভনে সেবা না নিয়ে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা, ব্যবসায়িক অভিজ্ঞতা ও সরকারি অনুমোদন যাচাই করার পরামর্শ দেন এই উদ্যোক্তা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তসলিম আমিন শোভন। তাঁর মতে, প্রশাসনিক কর্মকর্তারা দুই থেকে তিন বছরের জন্য দায়িত্ব নিয়ে পর্যটন খাত সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের আগেই বদলি হয়ে যান। এতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। পর্যটন বোর্ডের নেতৃত্বে খাতসংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ এবং দীর্ঘমেয়াদি দায়িত্ব নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি পর্যটনের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ে পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপর গুরুত্ব দেন।

দেশের পর্যটন, এভিয়েশন ও হসপিটালিটি খাতের ৩০টির বেশি ব্যবসায়িক সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্ব ও পদ নিয়ে প্রতিযোগিতা না করে সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এতে সরকারের কাছে শিল্পের সমস্যাগুলো তুলে ধরা ও নীতিগত সহায়তা আদায় সহজ হবে।

সেন্ট মার্টিনের পর্যটকসংখ্যা সীমিত করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, শুধু পর্যটক কমিয়ে দ্বীপটির পরিবেশগত সমস্যার সমাধান সম্ভব নয়। অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা ও কঠোর নজরদারির মাধ্যমে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্বীপটির পর্যটনের ওপর নির্ভরশীল প্রায় ১৪ থেকে ১৫ হাজার মানুষের জীবিকা ও বিনিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

কক্সবাজারের পর্যটন ব্যবস্থাপনাকে অপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, হোটেল নির্মাণ, হাঁটার পথ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে। অন্যদিকে সুন্দরবনকে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর মতে, বিশ্বের অনেক দেশেই সমুদ্রসৈকত থাকলেও সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন বিরল। সঠিক আন্তর্জাতিক বাজারে এর প্রচার চালাতে পারলে সুন্দরবন দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।

এ ছাড়া প্রায় ১০ বছর ধরে আলোচনায় থাকা পর্যটন মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। তাঁর মতে, সরকারের সদিচ্ছা ও অগ্রাধিকার থাকলে দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।

দেশের ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এ প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হয় ট্রাভেল ইন্ডাস্ট্রির প্রথম পলিসি পডকাস্ট ‘চেক ইন বাংলাদেশ’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেন ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাঈম আবির। প্রযোজনা করেন শাহানুর রহমান মুকুট। পডকাস্টটির হসপিটালিটি পার্টনার ছুটি রিসোর্ট কক্সবাজার।

  • travel based first digital media
  • চেক ইন বাংলাদেশ
  • পলিসি পডকাস্ট
  • প্রচার
  • বিদেশি পর্যটক
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া