২০২৬ সালের ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছে ক্যাথে প্যাসিফিক। পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত ১১তম ‘শেয়ারট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’-এ এ স্বীকৃতি পায় আন্তর্জাতিক এয়ারলাইনটি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরীসহ এভিয়েশন ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর ২৬টি সেবা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগে গোল্ড ও সিলভার পদক প্রদান করা হয়। নিয়মিত আকাশপথে ভ্রমণকারী যাত্রীদের অনলাইন ভোট এবং বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
গত ২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত অনলাইন ভোটে প্রায় ২ হাজার ৪০০ যাত্রী অংশ নেন। আগের বছরের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে তাঁরা নিজেদের পছন্দের এয়ারলাইনকে ভোট দেন।
এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। বৈশ্বিক গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রতিষ্ঠান স্যবার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত ছিল।
উল্লেখ্য, এয়ারলাইনগুলোর সেবার মানোন্নয়ন, উৎকর্ষকে স্বীকৃতি এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতে তাদের অবদানকে সম্মান জানাতে ২০০৭ সালে এ পুরস্কার চালু করে দ্য বাংলাদেশ মনিটর।
