শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার আইকাওর নিরাপত্তা অডিট

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো নিরাপত্তা অডিট কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) প্রতিনিধিদল। এ উদ্দেশ্যে সংস্থাটির চার সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রামে পৌঁছেছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে প্রতিনিধিদলটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইকাওর ইউনিভার্সেল সিকিউরিটি অডিট প্রোগ্রাম—কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় এ অডিট পরিচালিত হবে। চার সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ অডিট কার্যক্রম চলবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইকাওর তত্ত্বাবধানে এটিই প্রথম নিরাপত্তা অডিট। অডিটের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • travel based first digital media
  • আইকাও
  • চট্টগ্রাম বিমানবন্দর
  • নিরাপত্তা অডিট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর