কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ মাস আগে

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্ধারিত স্ট্যান্ডার্ডস এ্যান্ড রিকমেন্ডেড প্র‍্যাকটিসেস (এসএআরপিএস) এবং জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কর্মসূচি এনসিএএসপি–এর নির্দেশনা অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে বুধবার (৭জানুয়ারি) ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিমান ছিনতাই, বোমা হামলাসহ সম্ভাব্য বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি, সমন্বয় ও কার্যক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। আইকাও এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি দুই বছরে অন্তত একবার এ ধরনের নিরাপত্তা মহড়া আয়োজন করা বাধ্যতামূলক।

মহড়ার দৃশ্যপট অনুযায়ী, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে ব্লু ওয়েভ এয়ারওয়েজের বিডব্লিউএ-৭৮৯ ফ্লাইট আটজন যাত্রী ও দুইজন কেবিন ক্রু নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর কক্সবাজার বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে একটি বেনামী টেলিফোন কল আসে, যেখানে কলদাতা বিমানের ভেতরে একটি বোমা রাখা হয়েছে বলে হুমকি দেয়।

হুমকি টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কন্ট্রোল টাওয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি বিমানবন্দরের পরিচালক ও এভিয়েশন সিকিউরিটি ইনচার্জকে অবহিত করে। পরিস্থিতি মূল্যায়ন শেষে রিস্ক অ্যাডভাইজরি গ্রুপের সঙ্গে আলোচনা করে বিমানবন্দর পরিচালক ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করেন এবং ইমারজেন্সি অপারেশনস সেন্টার (ইওসি) সক্রিয় করার নির্দেশ দেন।

পরবর্তীতে ইওসির মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল ইউনিটসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে দ্রুত সমন্বয় কার্যক্রম পরিচালনা করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এ মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, কক্সবাজার জেলা পুলিশ, এপিবিএন, আনসার, সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের মেডিকেল টিম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থা।

  • কক্সবাজার বিমানবন্দর
  • নিরাপত্তা মহড়া