১০ এয়ারবাস কিনতে চুক্তি সই করলো বিমান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

বহরে নতুন প্রজন্মের এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ লক্ষ্যে এয়ারবাসের সঙ্গে আগামী ৭ অক্টোবর একটি চুক্তি সই করলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।

ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সই হয়েছে। এতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেছেন।

চুক্তি অনুযায়ী, বিমান চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও সহ মোট ১০টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুট পরিচালনা ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আর এ৩২১নিও ব্যবহার করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরো ক্রয়চুক্তির বাণিজ্যিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।

এয়ারবাস কেনার মধ্য দিয়ে বিমানের বহরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে সংস্থাটির জেট বহরে মূলত বোয়িংয়ের উড়োজাহাজ রয়েছে। নতুন এয়ারবাস যুক্ত হলে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও পরিচালনা করবে বিমান।

দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী, নতুন বোয়িং ও এয়ারবাস মিলিয়ে মোট ৩৫টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিমানের। এর মধ্যে ১৯টি হবে প্রশস্ত দেহের এবং ১৬টি সরু দেহের উড়োজাহাজ।

তবে নতুন উড়োজাহাজগুলো হাতে পেতে কয়েক বছর সময় লাগবে। এ সময়ের সক্ষমতার ঘাটতি মেটাতে স্বল্পমেয়াদে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান।

এয়ারবাসের সঙ্গে ৭ অক্টোবরের চুক্তি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের ক্ষেত্রে নতুন অধ্যায়ে প্রবেশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

  • এয়ার বাস
  • সর্বশেষ