মাস্কাটে জরুরি অবতরণের পর চট্টগ্রামে ফিরেছে বিমান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক নারী যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় উড়োজাহাজটিকে জরুরি ভিত্তিতে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি১৩৬ জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর চট্টগ্রামের বাসিন্দা ছানোয়ারা বেগম (৫৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পাইলট জরুরি সিদ্ধান্ত নিয়ে ফ্লাইটটি মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান।

পরে বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে প্রয়োজনীয় কার্যক্রম শেষে ফ্লাইটটি মাস্কাট থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।পরে ফ্লাইটটি বুধবার আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • ঢাকা-মাস্কট
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স