ইউএস-বাংলায় এয়ারবাস এ৩৩০ ক্যাপ্টেন আজম ও তাশদিক

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দেশের বেসরকারি বিমানসংস্থা ইউ-এস বাংলা এয়ারলাইন্স-এর ক্যারিয়ার পাথ প্রোগ্রামের ধারাবাহিকতায় দুই পাইলট নতুন মাইলফলক স্পর্শ করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ক্যাপ্টেন আলী আজম এবং ক্যাপ্টেন তাশদিক রহমান বাংলাদেশে প্রথমবারের মতো এয়ারবাস এ৩৩০ বিমান পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এই নিয়োগ প্রতিষ্ঠানটির পাইলট উন্নয়ন নীতি ‘ক্যারিয়ার পাথ প্রোগ্রাম’-এর অংশ, যার মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে পাইলটদের ওয়াইডবডি এয়ারক্রাফট পরিচালনার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটির নেতৃত্ব দিয়েছেন ইউএস-বাংলার এ৩৩০ ফ্লিট প্রধান ক্যাপ্টেন নাসিম রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজম ও তাশদিক পেশাগত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছেছেন।

ইউএস-বাংলা ২০২৪ সাল থেকে এয়ারবাস এ৩৩০ মডেলের এয়ারক্রাফট পরিচালনা করছে। বর্তমানে তাদের বহরে তিনটি এ৩৩০-৩৪৩ মডেলের ওয়াইডবডি বিমান রয়েছে, প্রতিটিতে ৪৩৬ আসন, যা দেশের সর্বোচ্চ যাত্রী পরিবহন সক্ষমতার মধ্যে অন্যতম।

প্রতিষ্ঠানটির মতে, এই অর্জন নতুন প্রজন্মের পাইলটদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং বাংলাদেশের বেসরকারি বিমান খাতের সক্ষমতা ও আত্মবিশ্বাস আরও বাড়াবে।

  • ইউ-এস বাংলা এয়ারলাইন্স
  • ইউএস বাংলা