রোমে যান্ত্রিক ত্রুটি, নতুন সময়ে ছাড়বে বিমানের ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১২ ঘন্টা আগে

টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ায় ঢাকা থেকে টরন্টোগামী ফিরতি ফ্লাইটও বিলম্বিত হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

শুক্রবার (৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোমে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

এদিকে একই উড়োজাহাজ ব্যবহৃত হওয়ায় বিজি-৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হচ্ছে। বিমান জানিয়েছে, ফ্লাইটটির নতুন প্রস্থানের সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট ২০২৬, দুপুর ১টা (১৩০০ ঘণ্টা)। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানায়, রোমে আটকে পড়া বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটটির হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

যাত্রীদের প্রয়োজনে বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

  • travel based first digital media
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • যান্ত্রিক ত্রুটি