এক প্ল্যাটফর্মেই ফ্লাইট, হোটেল ও ভিসা—নতুন সেবা সৌদির

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গেই মিলবে সৌদি ভিসা, চালু হলো ‘প্যাকেজ ভিসা’ সেবা

ভ্রমণপ্রত্যাশীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। ‘প্যাকেজ ভিসা’ নামে এই উদ্যোগের মাধ্যমে নির্ধারিত ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গেই ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একই প্ল্যাটফর্মে ফ্লাইট বুকিং, হোটেল সংরক্ষণ এবং ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ভ্রমণসূচি সাজানোর সুযোগও থাকবে। বিভিন্ন উৎসব, ঐতিহাসিক অনুষ্ঠান ও দর্শনীয় স্থানের প্রবেশ টিকিটও বুকিংয়ের সঙ্গে যুক্ত করা যাবে।

প্রাথমিকভাবে বাংলাদেশসহ কয়েকটি দেশের অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই সেবা চালু করা হয়েছে। ফলে এসব দেশের ভ্রমণকারীরা নির্ধারিত অপারেটরের মাধ্যমে ট্যুর প্যাকেজ কিনে সহজেই এই সুবিধা নিতে পারবেন।

পর্যটন খাতকে আরও আধুনিক ও ভ্রমণবান্ধব করতে সৌদি আরব ইতোমধ্যে ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসাসহ বিভিন্ন উদ্যোগ চালু করেছে। ‘প্যাকেজ ভিসা’ সেই ধারাবাহিকতার নতুন সংযোজন।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন। পর্যটক সংখ্যা আরও বাড়ানো এবং ভ্রমণ প্রক্রিয়া সহজ করতেই নতুন এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।

  • প্যাকেজ ভিসা
  • ফ্লাইট
  • বাংলাদেশ-সৌদি আরব
  • বিদেশযাত্রা
  • ভিসা
  • সর্বশেষ