দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল এই রুট পুনরায় চালু করা। সেই প্রত্যাশা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০৮ আগামীকাল সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে ও অভ্যর্থনা জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ২৯ জানুয়ারি সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর লক্ষ্যে উদ্যোগ নেন হুমায়ুন কবির। এদিন তিনি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ফ্লাইটটি বন্ধের কারণ সম্পর্কে ব্যাখ্যা চান এবং রুটটি পুনরায় চালুর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। পাশাপাশি এ বিষয়ে একটি স্মারকলিপিও জমা দেন।
পরবর্তীতে জাতীয় নির্বাচনের আট দিন আগে, ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
সরকার গঠনের চার মাসের মধ্যেই সেই ঘোষণা বাস্তবায়িত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করেন। তাঁর উদ্যোগের পাশাপাশি মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর সম্মতির মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশিত সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
