ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা ২০২৮ সালের আগে নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রবিবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এ কারণে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে গেছে। তবে এই সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন করতে সক্ষম হবে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
