শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’। বৃহস্পতিবার ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজমের বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। তিনি নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবির বিষয়ে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, কমিউনিটি ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং ওয়াটার ট্যুরিজমের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ও বৈচিত্র্যময় সংস্কৃতির পুনরুদ্ধার এবং টেকসই সংরক্ষণের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান, মো. মুজিবুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, পর্যটন শিল্পে পণ্য উন্নয়ন ও প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতিবছর শ্রীমঙ্গলে নির্দিষ্ট সময়ে এ উৎসব আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে ট্যুর অপারেটররা ইনবাউন্ড পর্যটন প্যাকেজ তৈরি ও বিপণনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

  • ট্যুরিজম
  • শ্রীমঙ্গল
  • সর্বশেষ
  • হারমোনি ফেস্টিভাল