দেশের পর্যটন শিল্পে দক্ষ ও পেশাদার ট্যুর গাইড তৈরির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে এভিয়েশন ডট কম ডট বিডি। আগামী ২৭ জুন রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত প্রথম কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়ার পর দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে। পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আগ্রহী তরুণদের জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করাই কর্মশালার মূল লক্ষ্য।
কর্মশালাটি পরিচালনা করবেন পর্যটন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব তৌফিক রহমান। তিনি বাংলাদেশের অন্যতম ইনবাউন্ড ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক। প্রায় তিন দশকের অভিজ্ঞতায় তিনি ইনবাউন্ড ট্যুরিজম, হসপিটালিটি শিক্ষা ও আন্তর্জাতিক পর্যটন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
দিনব্যাপী কর্মশালায় একজন পেশাদার ট্যুর গাইডের দায়িত্ব ও ভূমিকা, ট্যুর পরিকল্পনা ও পরিচালনা, পর্যটকদের সঙ্গে কার্যকর যোগাযোগ, গ্রুপ ম্যানেজমেন্ট, সমস্যা সমাধান কৌশল, নিরাপত্তা ও পেশাগত আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া থাকবে ইন্টারঅ্যাকটিভ সেশন, দলীয় কার্যক্রম এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য রিসোর্স ম্যাটেরিয়াল, মধ্যাহ্নভোজ এবং অংশগ্রহণ সনদপত্রের ব্যবস্থা থাকবে।
কর্মশালার নিবন্ধন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ১৫ জুনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে ৫০০ টাকার আর্লি বার্ড ছাড় পাওয়া যাবে।
এভিয়েশন ডট কম ডট বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হারুনুর রশিদ বলেন, প্রথম কর্মশালার সাফল্য এবং অংশগ্রহণকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া এ উদ্যোগকে আরও এগিয়ে নিতে উৎসাহ জুগিয়েছে। দেশের পর্যটন খাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আগ্রহীদের জন্য প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৩৯৬৬৬৮৮ নম্বরে যোগাযোগ বা info@aviation.com.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।
