নেপালে ভারী বৃষ্টি-ভূমিধস, বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১১ ঘন্টা আগে

নেপালে টানা ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন পর্যটন ও পার্বত্য এলাকায় ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সামগ্রিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক সতর্কবার্তায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের এ নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। অব্যাহত বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের পাশাপাশি তুষারপাত হচ্ছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্গম পার্বত্য এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

এদিকে ভূমিধসের কারণে পোখারা ও এর আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ এবং বিভিন্ন ট্রেকিং গন্তব্যে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। মুস্তাং, জমসমসহ অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ পরিস্থিতির কারণে এসব সড়ক যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ বিভিন্ন পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে স্থানীয় পরিস্থিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যাচাই করতে হবে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তথ্য জানানো হবে।

এর মধ্যে নেপালে তুষারধসের ঘটনায় অন্তত ১৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। খারাপ আবহাওয়ার কারণে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার একটি পর্বতশৃঙ্গে হেলিকপ্টার পৌঁছাতে না পারায় উদ্ধার অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে বলে ট্রেকিং কর্মকর্তারা জানিয়েছেন।

  • নেপাল
  • পর্যটক
  • পর্যটন
  • সর্বশেষ