লিজিং কার্যক্রমে পরামর্শক প্রতিষ্ঠান খুঁজছে বিমান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

উড়োজাহাজ লিজিং কার্যক্রমকে আরও দক্ষ ও ব্যয়-সাশ্রয়ী করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রস্তাব (RFP) আহ্বান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটি উড়োজাহাজ লিজের পুরো প্রক্রিয়াজুড়ে বিশেষজ্ঞ সহায়তা নিতে চায়। এর মধ্যে রয়েছে বিমান অনুসন্ধান ও মূল্যায়ন, লিজ চুক্তি নিয়ে দর-কষাকষিতে সহায়তা, কারিগরি মূল্যায়ন, লিজ পর্যবেক্ষণ ও অনুবর্তিতা নিশ্চিতকরণ, এবং লিজ মেয়াদ শেষে বিমান ফেরত দেওয়ার (রিডেলিভারি) ব্যবস্থাপনা।

আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী ১৫ জুন পর্যন্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণ চাইতে পারবে। আর্থিক ও কারিগরি প্রস্তাব পৃথকভাবে আগামী ২৮ জুন দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে বলে আরএফপিতে উল্লেখ করা হয়েছে।

এ পদক্ষেপকে বিমানের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনাতেই উড়োজাহাজ লিজিং কার্যক্রম পরিচালনা করত। তবে বিশেষায়িত দক্ষতার অভাবে অতীতে প্রতিকূল লিজ শর্ত, অতিরিক্ত ব্যয় এবং বহর ব্যবস্থাপনায় নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিমান খাতের বিশেষজ্ঞদের মতে, অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে বিমান আরও সুবিধাজনক লিজ শর্ত নিশ্চিত করতে পারবে, খরচ কমাতে সক্ষম হবে এবং আন্তর্জাতিক বাজারে দর-কষাকষির ক্ষেত্রে শক্তিশালী অবস্থান গড়ে তুলবে। এর ফলে তুলনামূলক কম খরচে উন্নত মানের উড়োজাহাজ সংগ্রহের সুযোগও বাড়বে।

এ ছাড়া বৈশ্বিক লিজিং বাজারে উপলব্ধ উন্নতমানের উড়োজাহাজ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শ পাওয়ায় বিমানের বহর আধুনিকায়ন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, কারিগরি মূল্যায়ন এবং রিডেলিভারি ব্যবস্থাপনায় পেশাদার তদারকি থাকলে লিজ চুক্তির মেয়াদ শেষে প্রায়ই দেখা দেওয়া বিরোধ ও আর্থিক জরিমানার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে এই বহুবর্ষীয় চুক্তি আন্তর্জাতিক বিমান লিজিং পরামর্শ খাতে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • এয়ারলাইন্স
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • লিজিং
  • সর্বশেষ