কোটি যাত্রীর বাজারেও ঢাকায় আগ্রহ নেই ইউরোপের বড় এয়ারলাইন্সগুলোর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ দিন আগে

বাংলাদেশের আকাশপথে যাত্রী চলাচল বাড়ছে। একই সঙ্গে বাড়ছে রপ্তানিপণ্যের পরিবহন চাহিদাও। ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাস করছেন বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী। তৈরি পোশাকসহ বিভিন্ন উচ্চমূল্যের পণ্যেরও রয়েছে বড় বাজার। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে না পশ্চিম ইউরোপের বড় কোনো এয়ারলাইন।

ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা, এয়ার ফ্রান্স, কেএলএম ও সুইসের মতো বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোর কোনোটিরই বর্তমানে ঢাকায় সরাসরি যাত্রীবাহী ফ্লাইট নেই। এমনকি যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইনও ঢাকা থেকে সরাসরি যাত্রী পরিবহন করছে না।

অথচ বাংলাদেশের এভিয়েশন বাজারের আকার মোটেও ছোট নয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন প্রায় ১ কোটি ২৭ লাখ ২০ হাজার যাত্রী। এর মধ্যে আন্তর্জাতিক রুটের যাত্রী ছিলেন প্রায় ১ কোটি ৩ লাখ ১০ হাজার। এই বিশাল আন্তর্জাতিক বাজারের প্রায় ৬০ শতাংশ যাত্রী পরিবহন করেছে ৩৮টি বিদেশি এয়ারলাইন। বাকি ৪০ শতাংশ যাত্রীকে সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস।

অর্থাৎ, আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি যাত্রীদের বড় একটি অংশ বিদেশি এয়ারলাইনগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু সম্ভাবনাময় এই বাজারেও ইউরোপের বড় এয়ারলাইনগুলোর অনুপস্থিতি স্পষ্ট। ফলে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী যাত্রীদের বড় একটি অংশকে মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দর ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

অবশ্য ইউরোপের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশ যোগাযোগ একেবারে নতুন কোনো বিষয় নয়। স্বাধীনতার পর তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকা-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। তবে বাণিজ্যিক কারণ দেখিয়ে ২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নেয় এয়ারলাইনটি। এর আগে নব্বইয়ের দশকের শুরুতে আমস্টারডাম, দুবাই ও ঢাকার মধ্যে ফ্লাইট পরিচালনা করত কেএলএম। পরবর্তী সময়ে সেটিও বন্ধ হয়ে যায়। এরপর ২০১০ সালের ডিসেম্বরে ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট চালু করে টার্কিশ এয়ারলাইনস। বর্তমানে ইউরোপের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টদের মতে, সরাসরি ইউরোপীয় ফ্লাইট চালু হলে যাত্রীদের ভ্রমণের সময় ও সংযোগজনিত ভোগান্তি কমার পাশাপাশি কার্গো পরিবহনের সক্ষমতাও বাড়বে। বিশেষ করে তৈরি পোশাকসহ বাংলাদেশের রপ্তানিপণ্য ইউরোপের বাজারে দ্রুত পৌঁছানোর সুযোগ তৈরি হবে। তবে সম্ভাবনাময় বাজার থাকলেই কোনো আন্তর্জাতিক এয়ারলাইন নতুন রুট চালু করে না। প্রতিটি রুটের ক্ষেত্রে যাত্রীপ্রতি আয়, কার্গো পরিবহন থেকে সম্ভাব্য রাজস্ব এবং পরিচালন ব্যয়ের বিস্তারিত হিসাব করে সিদ্ধান্ত নেয় এয়ারলাইনগুলো।

ঢাকার ক্ষেত্রে উচ্চ বিমানবন্দর চার্জ, জ্বালানি ব্যয়, গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ, কর এবং নীতিগত অনিশ্চয়তা নতুন আন্তর্জাতিক রুট চালুর ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হতে পারে। পাশাপাশি কার্গো স্ক্রিনিংয়ের সক্ষমতা, টার্মিনাল ব্যবস্থাপনা, যাত্রীসেবা এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মানও আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ অবস্থায় ইউরোপের বড় এয়ারলাইনগুলোকে ঢাকায় আকৃষ্ট করতে শুধু তৃতীয় টার্মিনাল নির্মাণ যথেষ্ট নয়। বিমানবন্দর ব্যবহারের ব্যয় প্রতিযোগিতামূলক পর্যায়ে আনা, দক্ষ গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্গো ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘমেয়াদি ও বিনিয়োগবান্ধব নীতিগত পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

বাংলাদেশের হাতে রয়েছে এক কোটির বেশি আন্তর্জাতিক যাত্রীর বাজার, বিশাল প্রবাসী জনগোষ্ঠী এবং ইউরোপ-উত্তর আমেরিকায় রপ্তানির বড় সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সমন্বিত জাতীয় কৌশল। প্রশ্ন হলো, এত বড় বাজার থাকা সত্ত্বেও বাংলাদেশ কি বিদেশি ট্রানজিট হাবনির্ভরই থাকবে, নাকি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে ইউরোপের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলোকে সরাসরি ঢাকায় ফিরিয়ে আনতে পারবে?

  • travel based first digital media
  • ইউরোপ
  • এয়ারলাইন্স
  • বিদেশি এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • লুফথানসা
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর