ঢাকা থেকে সরাসরি রিয়াদ ফ্লাইট চালু করবে রিয়াদ এয়ার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২১ ঘন্টা আগে

ঢাকার আকাশপথে নতুন প্রতিযোগিতা, আসছে সৌদির রিয়াদ এয়ার

ঢাকা-সৌদি আরব রুটে প্রতিযোগিতা আরও বাড়তে যাচ্ছে। সৌদি আরবের নতুন এয়ারলাইন্স Riyadh Air বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, রিয়াদ এয়ারের সব ধরনের দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনও তারা নির্দিষ্ট ফ্লাইট শিডিউল জমা দেয়নি। শিডিউলের অনুমোদন মিললেই সংস্থাটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে।

বর্তমানে ঢাকা-সৌদি আরব রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে Biman Bangladesh Airlines, US-Bangla Airlines এবং Saudia।

রিয়াদ এয়ার সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সপ্তাহে সাতটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগ্রাম থেকে সরাসরি রিয়াদ ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও যাচাই করছে এয়ারলাইন্সটি।

সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী, হজ ও উমরাহ যাত্রী এবং ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াত থাকায় এই রুটকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে দেখছে রিয়াদ এয়ার।

বাংলাদেশে রিয়াদ এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে দায়িত্ব পেয়েছে Rhythm Group। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, “রিয়াদ এয়ারের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা প্রায় শেষ। আমরা এখন অপারেশনাল প্রস্তুতির শেষ ধাপে আছি। খুব শিগগিরই ফ্লাইট সূচি ঘোষণা করা হবে এবং এ বছরের মধ্যেই বাণিজ্যিক যাত্রা শুরু হবে বলে আশা করছি।”

নতুন এই এয়ারলাইন্সের আগমনে বাংলাদেশ-সৌদি আরব রুটে যাত্রীসেবার মান ও ভাড়ায় প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • এয়ারলাইন্স
  • ঢাকা-রিয়াদ
  • রিয়াদ এয়ার
  • সর্বশেষ