জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) উড়োজাহাজ ক্রয় চুক্তি আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
রাজধানী ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক ও এভিয়েশন খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ চুক্তিতে সই করবেন। অন্যদিকে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে বোয়িং প্রতিনিধি স্বাক্ষর করবেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত থাকবেন।
চুক্তি অনুযায়ী, বিমান ১৪টি নতুন উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বহর আধুনিকায়ন, দীর্ঘপাল্লার ফ্লাইট বৃদ্ধি এবং আঞ্চলিক রুট সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশস্ত দেহের ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গন্তব্যে সেবা জোরদারে সহায়ক হবে। অন্যদিকে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ আঞ্চলিক ও স্বল্পপাল্লার রুট পরিচালনায় ব্যবহৃত হবে।
বিমানের এ অর্ডারকে কেন্দ্র করে গত তিন বছরেরও বেশি সময় ধরে বোয়িং ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। ২০২৩ সালে ইউরোপীয় কূটনৈতিক তৎপরতার কারণে এয়ারবাস কিছুটা এগিয়েও ছিল। ফরাসি প্রেসিডেন্টের সফরসহ বিভিন্ন পর্যায়ের আলোচনায় এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ কেনার বিষয়টি উঠে আসে।
