রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন এভিয়েশন খাতে অভিজ্ঞ সৈয়দ মইন উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দুই দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা রয়েছে মইন উদ্দিন আহমেদের। এভিয়েশন শিল্পে তাঁর অভিজ্ঞতা প্রায় ২২ বছর এবং অ্যাকাউন্টস, ব্যবস্থাপনা ও কাস্টমার সাপোর্টে রয়েছে ১৫ বছরের অভিজ্ঞতা। এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বিমানের কার্গো সেলস ম্যানেজার, অর্গানাইজেশন অ্যান্ড মেথড (O&M) অফিসার এবং সহকারী ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন। তাঁর দায়িত্ব পালনের সময় বাণিজ্যিক কার্যক্রম পরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি, স্টেশন সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন তিনি। পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি ট্রাভেল ও এভিয়েশন খাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে সৈয়দ মইন উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ও অ্যাডভান্সড স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিপ্লোমাসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।
এ নিয়োগের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্বে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
