দেশের সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দেশের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সতর্কতা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।

সোমবার(২৭ এপ্রিল) রাজধানীতে এভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান জানান, পুলিশ সদর দপ্তর থেকে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে একটি চিঠি পেয়েছে বেবিচক। সেই নির্দেশনার ভিত্তিতেই দেশের বিমানবন্দরগুলোতে সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে।

তিনি বলেন, “আমরা পুলিশ সদর দপ্তর থেকে নিরাপত্তা বৃদ্ধির একটি চিঠি পেয়েছি। সে অনুযায়ী আমরা সিকিউরিটি অ্যালার্ট জারি করেছি। এর প্রেক্ষাপট কী, সেটি পুলিশ সদর দপ্তর ভালো বলতে পারবে। তবে আমাদের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনটির সদস্য এবং বেবিচকের কর্মকর্তারা।

  • travel based first digital media
  • বিমানবন্দর
  • বেবিচক
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া