থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে চার বিদেশি প্রতিষ্ঠানের নাম

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার জন্য চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করেছে জাপানি কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানগুলো হলো যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দুবাই ন্যাশনাল এয়ার ট্রাভেল এজেন্সি (ডিএনএটিএ)।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান এ তথ্য জানিয়েছেন।

বাছাই করা চারটি প্রতিষ্ঠানের তালিকা বেবিচকের কাছে জমা দিয়েছে জাপানি কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধ কিংবা অন্য কোনো জটিলতা রয়েছে কি না, তা যাচাই করবে বেবিচক। এসব বিষয়ে কোনো বাধা না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার যোগ্যতা পাবে।

বেবিচকের ছাড়পত্র পাওয়ার পর যোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করবে কনসোর্টিয়াম। এরপর নির্বাচিত প্রতিষ্ঠানের নামে গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স দেবে বেবিচক। এর মাধ্যমে তৃতীয় টার্মিনালে এ কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নেওয়া সম্ভব হবে।

পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত প্রতিষ্ঠানটি যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তবে কার্গো বা পণ্য পরিবহনসংক্রান্ত গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশের কাছেই থাকবে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আওতায় উড়োজাহাজের সেবা কার্যক্রম, যাত্রীদের মালামাল ব্যবস্থাপনা, চেক-ইন, রানওয়ে-সংলগ্ন পরিচালন কার্যক্রম এবং উড্ডয়নের আগে উড়োজাহাজ প্রস্তুত করার মতো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এসব কার্যক্রমের দক্ষতার ওপর বিমানবন্দরের সেবার মান, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও যাত্রীদের অভিজ্ঞতা অনেকাংশে নির্ভর করে।

খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাছাইয়ের এ উদ্যোগ দেশের বিমান চলাচল খাতের জন্য গুরুত্বপূর্ণ। অবকাঠামো নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার দিকে এগোচ্ছে বাংলাদেশ। প্রতিষ্ঠিত বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দেশের যাত্রীসেবা ব্যবস্থায় প্রতিযোগিতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে।

  • travel based first digital media
  • গ্রাউন্ড হ্যান্ডলিং
  • থার্ড টার্মিনাল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া